স্কুলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান জাদুঘরের কোভিড সামগ্রী

১ মার্চ, ২০২১ ১৩:২৩  
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, “বিজ্ঞান জাদুঘর শিক্ষাথীদের জন্য সদা উন্মুক্ত। এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করে এবং প্রকৃতিকে লালন করে বৈজ্ঞানিক ও নান্দনিক আবহ তৈরি করা হচ্ছে, যেন নগর জীবনের ইট পাথরে বন্দী শিশুরা এখানে এসে মানসিক প্রশান্তি ও জ্ঞান চর্চার সুযোগ পায়।” সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে শেরে বাংলানগর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য আজ অর্ধ লক্ষাধিক টাকার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বিজ্ঞান জাদুঘরের সদ্য নির্মিত ‘টাইটানিক’ জাহাজে আরোহন করে মহাপরিচালকের হাত থেকে এ সামগ্রী গ্রহণ করে। এ সময় পানিতে ভাসমান জাহাজটির ইঞ্জিন চালু করে শিক্ষার্থীদের নৌ-অভিযাত্রার আবহ সৃষ্টি করা হয়। এতে জাহাজে অবস্থানরত শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।